জামালপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন
শহর প্রতিনিধি:
জামালপুরের কম্পপুরে ৪৫ কোটি টাকা ব্যয়ে জামালপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য এ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, বর্তমান সরকারের শিক্ষা পরিকল্পনায় কর্মসংস্থানকে সামনে রেখে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণের ফলে জামালপুরে কর্মমুখী শিক্ষার প্রসার ঘটবে এবং এখানকার বেকার সমস্যা অনেকাংশে দূর হবে।
তিনি শনিবার দুপুরে জামালপুর শহরের কম্পপুরে ৪৫ কোটি টাকা ব্যয়ে জামালপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫ একর জমির ওপর নির্মিত এই প্রকল্পে তিনটি ৬ তলা ভবন থাকবে যার মধ্যে একাডেমিক, প্রশাসনিক ও ওয়ার্কশপ ভবনসহ বাউন্ডারি ওয়াল অন্তর্ভুক্ত রয়েছে।
এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারীসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
