মেলান্দহ থানায় ওসির নেতৃত্বে আইনশৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে এটিএম মাহমুদুল হক দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে জনবান্ধব পুলিশিংয়ের ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।
নবনিযুক্ত ওসি এটিএম মাহমুদুল হক দায়িত্ব গ্রহণের পর উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় তিনি মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুন আরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে সমন্বিতভাবে জনসেবা প্রদান ও আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আচরণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অভিযোগ ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শোনা এবং দ্রুত সমাধানের চেষ্টা করায় পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।
ওসি এটিএম মাহমুদুল হক বলেন, “মেলান্দহ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমার অন্যতম প্রধান দায়িত্ব। মাদক ও অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে থানায় এসে সেবা নিতে পারেন, সে বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা ছাড়া একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তাই অপরাধ দমনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, মাদক ও অপরাধ দমনে কঠোর পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে উঠলে মেলান্দহের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। নতুন ওসির নেতৃত্বে পুলিশের এই উদ্যোগ অব্যাহত থাকলে মেলান্দহবাসীর নিরাপত্তা ও জনআস্থা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা তাদের।
জনগণের প্রত্যাশা—মেলান্দহ থানা হবে সেবা, নিরাপত্তা ও আস্থার নির্ভরযোগ্য ঠিকানা।
