আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

তিস্তা এক্সপ্রেসে ফেলে যাওয়া মূল্যবান সামগ্রী রেলওয়ে পুলিশের তৎপরতায় ফেরত পেলেন যাত্রী

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি: ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে ভুলবশত ফেলে যাওয়া মূল্যবান মালামাল উদ্ধার করে যাত্রীর স্বজনের জিম্মায় দিয়েছে জামালপুর রেলওয়ে থানা পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনে পৌঁছালে ট্রেনের ‘জ’ বগিতে থাকা যাত্রী সুস্মিতা পাল (৪৫) ভুলবশত তাঁর কাপড়ের ছাই রঙের একটি ব্যাগ এবং একটি ছোট বেবি রাইডিং সাইকেল রেখে ট্রেন থেকে নেমে যান। ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর বিষয়টি ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জের মাধ্যমে জামালপুর রেলওয়ে থানাকে জানানো হয়।
খবর পেয়ে ট্রেনে দায়িত্ব পালনরত টিজি পুলিশ সদস্যকে বিষয়টি অবহিত করা হলে তিনি দ্রুত ওই মালামাল খুঁজে বের করে হেফাজতে নেন।
উদ্ধার করা ব্যাগে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, এক জোড়া স্বর্ণের বালা, এক জোড়া কানের দুল, একটি আইপ্যাড, নগদ ১ হাজার ৪৪০ টাকা ও বিভিন্ন কসমেটিক সামগ্রীসহ প্রয়োজনীয় মালামাল ছিল।
পরে বিষয়টি সুস্মিতা পালকে জানানো হলে তাঁর অনুরোধে স্বামী রাজীব ক্রান্তির পরিচিত জামালপুর জেলা গণপূর্ত অফিসের হিসাব সহকারী আব্দুল মোতালেবের কাছে উদ্ধারকৃত ব্যাগের সকল মালামাল এবং ছোট সাইকেলটি জিডিতে লিপিবদ্ধ করে জিম্মায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ওই যাত্রী ও তাঁর পরিবার। একই সঙ্গে রেলওয়ে পুলিশের দ্রুত তৎপরতা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, “যাত্রীর ভুলে ফেলে যাওয়া মালামাল উদ্ধার করে নিরাপদে তাঁর প্রতিনিধির কাছে বুঝিয়ে দিতে পেরে আমরা আনন্দিত; যাত্রীদের নিরাপত্তা ও তাদের সম্পদের সুরক্ষায় রেলওয়ে পুলিশ সবসময় আন্তরিকভাবে দায়িত্ব পালন করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *