আলোচিতউপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরির অভিযোগে রাজনৈতিক নেতাসহ গ্রেপ্তার ৫

মোঃ মানিক ইসলাম:

জামালপুরের মাদারগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে এক রাজনৈতিক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বালিজুড়ী ইউনিয়নের নাদাগাড়ী এলাকার অবিনূর, সেলিম, সুমন ও সুমন ওরফে নুরু মিয়া এবং গাবেরগ্রাম এলাকার রাসেল মিয়া। রাসেল মিয়া মাদারগঞ্জ পৌর শহরের ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

রাসেল মিয়ার গ্রেপ্তারের বিষয়ে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘কোনো ব্যক্তির ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবে না। তদন্তে অপরাধ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে দ্রুত কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই মাসে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৬টির বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় সাধারণ গ্রাহক ও কৃষকদের দুর্ভোগে পড়তে হয়েছে।

এসব ঘটনায় মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। পরে পুলিশ তদন্ত শুরু করে এবং চুরির সঙ্গে জড়িত একটি চক্রকে শনাক্তের পর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীস রায় বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। চক্রটির মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আসামিদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *