আলোচিতউপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

ভিক্ষুক দম্পতির সন্তান প্রসব, বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ইউনিক হাসপাতাল

মাদারগঞ্জ প্রতিনিধি, মোঃ মানিক ইসলাম:

জামালপুরের মাদারগঞ্জে অসহায় এক ভিক্ষুক দম্পতির পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে ইউনিক হাসপাতাল। চিকিৎসার খরচ বহনের সামর্থ্য না থাকা ওই দম্পতির সন্তান প্রসবের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, অসহায় ওই দম্পতির সন্তান প্রসবের সময় ঘনিয়ে এলে চিকিৎসা ব্যয় নিয়ে তারা দুশ্চিন্তায় পড়েন। বিষয়টি জানতে পেরে মাদারগঞ্জ ইউনিক হাসপাতালের চেয়ারম্যান খালিদ হাসান তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে ওই নারীর প্রসবের প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য খরচ মওকুফ করা হয়।

হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দিল আফরোজ নিশা কোনো চিকিৎসা ফি না নিয়ে ওই নারীর প্রসব কার্যক্রম সম্পন্ন করেন। চিকিৎসকের তত্ত্বাবধানে নিরাপদে একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম হয়।
নবজাতক কন্যাকে কোলে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন অসহায় বাবা-মা। এ সময় তারা হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে মাদারগঞ্জ ইউনিক হাসপাতালের চেয়ারম্যান খালিদ হাসান বলেন, “এমন একটি সেবা দিতে পেরে সত্যিই অনেক আত্মতৃপ্তি পেয়েছি। শুধু এই কাজ নয়, ভবিষ্যতেও গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়াবো আমরা। সমাজের অসহায় মানুষগুলোর জন্য আমাদের এমন মানবিক সেবা অব্যাহত থাকবে।”

স্থানীয়রা বলছেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবায় সহযোগিতার এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা সৃষ্টি করে। সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোও যদি অসহায় মানুষের পাশে এগিয়ে আসে, তাহলে সমাজে মানবিকতার চর্চা আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *