শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি এস এম নূর-মোহাম্মদ

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
দক্ষতা, নিষ্ঠা, পরিশ্রম ও পেশাদারিত্বের পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নূর-মোহাম্মদ। তিনি
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে তাঁর দায়িত্বশীল ভূমিকা এ স্বীকৃতির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়েছে।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়ায় এস এম নূর-মোহাম্মদ বলেন, “এই অর্জন আমার একার নয়। ঝিনাইগাতী থানার সকল কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত প্রচেষ্টা এবং সাধারণ মানুষের সহযোগিতার ফলেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও মানুষের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও সেবার মান আরও উন্নত করতে আন্তরিকভাবে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “পুলিশের মূল দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা এবং জনগণের আস্থা অর্জন করা। সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই পুলিশের সেবা পান, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে।”
তাঁর এ অর্জনে সহকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, মানুষের কল্যাণে তাঁর দায়িত্বশীল ও জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
