ডাঃ তৌহিদুল ইসলাম রঞ্জুকে কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকাবাসী

মো. রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার ২ নং কুলিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ডাঃ তৌহিদুল ইসলাম রঞ্জুর নাম স্থানীয় জনমহলে ব্যাপকভাবে আলোচনায় রয়েছে। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একটি অংশ তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, ডাঃ তৌহিদুল ইসলাম রঞ্জু দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চিকিৎসাসেবা, সামাজিক কর্মকাণ্ড এবং মানবিক সহায়তায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন। ব্যক্তিগত উদ্যোগে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি কুলিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেবেন। বিশেষ করে গ্রামীণ সড়ক, ব্রিজ-কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষকবান্ধব উদ্যোগ গ্রহণ, যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সরকারি সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে কাজ করবেন।
ডাঃ তৌহিদুল ইসলাম রঞ্জু জানিয়েছেন, একটি নিরাপদ, আধুনিক ও মাদকমুক্ত কুলিয়া ইউনিয়ন গড়াই হবে তাঁর অন্যতম লক্ষ্য। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, জুয়া, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বয়ে কার্যকর উদ্যোগ গ্রহণে গুরুত্ব দেবেন। পাশাপাশি বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের প্রতিটি নাগরিকের সঙ্গে সমান আচরণ করা হবে। দল-মত নির্বিশেষে সবার মতামতকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার চেষ্টা করবেন। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার উদ্যোগও গ্রহণ করবেন বলে তিনি জানান।
কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, একজন শিক্ষিত, মানবিক ও জনসেবায় নিবেদিতপ্রাণ নেতৃত্ব কুলিয়া ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই বিবেচনায় তারা ডাঃ তৌহিদুল ইসলাম রঞ্জুকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী।
এ বিষয়ে ডাঃ তৌহিদুল ইসলাম রঞ্জু বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণ সুযোগ দিলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে কুলিয়া ইউনিয়নকে একটি উন্নত, নিরাপদ, মাদকমুক্ত, আধুনিক ও সেবাবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
উল্লেখ্য, কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদকে ঘিরে স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে সম্ভাব্য কয়েকজন প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। তবে এলাকার অনেক বাসিন্দার প্রত্যাশা, যোগ্য, সৎ, শিক্ষিত ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব নির্বাচিত হলে কুলিয়া ইউনিয়নের উন্নয়নের ধারা আরও বেগবান হবে।
