জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের মুদিবাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে পেছন থেকে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। চারজন গুরুতর আহত হয়েছেন।
নিহত মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের আমড়ীতলা গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে বিল্লাল হোসেন। নিহত অপরজন টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার রুপশান্তি গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে কামরুল হাসান। তিনি কনসালটেন্ট হিসেবে ঢাকার সড়ক বিভাগে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস পেছন থেকে সিএনজিকে ধাক্কা দিলে বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ সব যাত্রী আহত হন। সিএনজিটি যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে আসছিলো। স্থানীয়রা গুরুতর আহত তিন জনকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুল ইসলাম দুই জনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত রবিন চৌধুরী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তার বাড়ি মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ গ্রামে।
আহত রবিন চৌধুরী বলেন, পেছন থেকে একটি বাস সিএনজিকে ধাক্কা দিলে দুর্ঘটনায় সিএনজিতে থাকা চালকসহ ছয়জন আহত হয়। আমাকে ও গুরুতর আহত দু’জনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। পরে ওই দু’জনকে মৃত ঘোষণা করা হয়।
নিহত বিল্লাল হোসেনের ভাতিজা আরিফ হাসান বলেন, আমার চাচা প্রবাসী ছিলেন। তিনি ময়মনসিংহে তার বড় ছেলে এইচএসসি পরীক্ষার্থী রাজনের সাথে দেখা করে সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্ঘটনায় মারা যান তিনি।
জামালপুর সদর থানার ওসি মোহাম্মদ নাজমুস সাকিব বলেন, সড়ক দুর্ঘটনায় মাদারগঞ্জের বিল্লাল হোসেন এবং টাঙ্গাইলের কামরুল হাসান নামে দু’জন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
