মেলান্দহ রেলওয়ে স্টেশনে সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করেন এমপি বাবুল

মো. রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনে যাত্রীসেবা, নিরাপত্তা ও আধুনিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ও আধুনিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকেল ৩টায় মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দুটি আধুনিক সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, রেলস্টেশন শুধু যাতায়াতের স্থান নয়, এটি একটি এলাকার উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্র। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সেবার মান উন্নত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। সিসিটিভি ক্যামেরা ও আধুনিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে যাত্রীরা আরও নিরাপদ, স্বচ্ছ ও মানসম্মত সেবা পাবেন।
তিনি আরও বলেন, সরকার দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেলান্দহ রেলওয়ে স্টেশনেও পর্যায়ক্রমে আরও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে, যাতে সাধারণ যাত্রীদের ভোগান্তি কমে এবং উন্নত সেবা নিশ্চিত হয়।
এসময় তিনি রেলওয়ের টিকিট কালোবাজারি সম্পূর্ণরূপে বন্ধে প্রশাসন, রেল কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, কোনো অসাধু চক্র যেন অতিরিক্ত দামে টিকিট বিক্রি করে সাধারণ যাত্রীদের হয়রানি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুন আরা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান মেহেদী বলেন, রেলওয়ের অবকাঠামো ও যাত্রীসেবা আধুনিকায়নের ধারাবাহিকতায় মেলান্দহ স্টেশনেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার এবং মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মুন্জু।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা নবস্থাপিত সিসিটিভি ক্যামেরা ও আধুনিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম পরিদর্শন করেন এবং এ উদ্যোগের মাধ্যমে মেলান্দহ রেলওয়ে স্টেশনে নিরাপদ, স্বচ্ছ ও উন্নত যাত্রীসেবা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথিসহ অতিথিদের ফুলেল শুভেচছা জানান আয়োজকরা।অনুষ্ঠান সন্ঞালনা করেন মেলান্দহ উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান শিপলু ফকির।
