জিনের নির্দেশে’ কবর থেকে দাফনের ১২ ঘণ্টা পর ‘জীবিত’ ভেবে মরদেহ উত্তোলন
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে নয়াপাড়া এলাকায় জিনের নির্দেশ’ দাবি করে দাফনের প্রায় ১২ ঘণ্টা পর হালিমা খাতুন (৬৫) নামে এক নারীর মরদেহ কবর থেকে উত্তোলন করে হাসপাতালে নেওয়ার ঘটনা ঘটেছে।
নিহত হালিমা বেগম (৬৫) উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত সোহরাব আকন্দের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ওই নারীর মৃত্যু হলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের কয়েক ঘণ্টা পর পরিবারের সদস্যদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয়। একপর্যায়ে দাবি করা হয়, মৃত নারীর ছেলে ও মেয়ের ওপর ‘জিনের আছর’ হয়েছে। তাদের মাধ্যমে জিনের নির্দেশ এসেছে যে, ওই নারী জীবিত আছেন এবং তাকে কবর থেকে উত্তোলন করতে হবে।
এ দাবির পর শনিবার রাত ৯টার দিকে কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করা হয়। তিনি জীবিত আছেন কি না, তা নিশ্চিত হতে প্রথমে মেলান্দহের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে জামালপুর শহরের আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে নিশ্চিত করেন ।
পরে পরিবারের সদস্যরা মরদেহ পুনরায় বাড়িতে নিয়ে যান এবং পুনরায় দাফন করেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
এ ঘটনায় ক্যামেরা বা গণমাধ্যমের সামনে কোনো কথা বলতে রাজি হননি মৃত ব্যক্তির পরিবারের সদস্য ও চিকিৎসকরা। তবে এই অলৌকিক দাবি ও ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় পুরো জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, দাফনের পর কবর থেকে মরদেহ উত্তোলনের বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, জীবিত থাকার ভুল ধারণা থেকেই স্বজনেরা মরদেহ উত্তোলন করেছিলেন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
