মাদারগঞ্জে নাশকতা মামলায় যুবলীগের সাবেক নেতা গ্রেপ্তার

মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় শিবলুল হাসান (৩৮) নামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
গ্রেপ্তার শিবলুল হাসান পৌর শহরের জোনাইল পূজাঘাঁটি এলাকার মৃত জলিল বিএসসির ছেলে। তিনি মাদারগঞ্জ শহর যুবলীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবলুল দীর্ঘদিন ধরে ক্রিকেট ও ফুটবল খেলায় অংশ নিয়ে স্থানীয় ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ হিসেবে পরিচিত ছিলেন।
পরিবারের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের আগেই তিনি যুবলীগ থেকে পদত্যাগ করেছিলেন এবং বিষয়টি ফেসবুকে প্রকাশ করেছিলেন। তবে পদত্যাগের পক্ষে প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করতে না পারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিবলুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
