আলোচিতউপজেলার সংবাদজামালপুরশিক্ষা

জামালপুরে ছয় শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার শূন্য

শহর প্রতিনিধি:
জামালপুর জেলায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শতভাগ অকৃতকার্য হওয়া এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে দুটি উচ্চ বিদ্যালয়, দুটি দাখিল মাদ্রাসা এবং দুটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। এমন হতাশাজনক ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ছয়টি প্রতিষ্ঠান থেকে এবার মোট ৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ইসলামপুর উপজেলার বীর মাইজবাড়ী দাখিল মাদ্রাসায় ১৮ জন ও কদমতলী ক্বারীপাড়া উচ্চ বিদ্যালয়ে তিনজন, বকশিগঞ্জ উপজেলার শেফালী মফিজ মহিলা মাদ্রাসায় ১৪ জন এবং সরিষাবাড়ি উপজেলার ছাপরকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ জন পরীক্ষার্থী ছিল। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী টেকনিক্যাল ইনস্টিটিউটে চারজন এবং দেওয়ানগঞ্জ মহিলা টেকনিক্যাল ও বিএম কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী অংশ নেয়। দুঃখজনকভাবে তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
শিক্ষার এমন বেহাল দশায় উদ্বিগ্ন স্থানীয়রা। তারা অবিলম্বে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সংকট দূর করা এবং নিয়মিত পাঠদান নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুর আলম বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি তাদের ফলাফল সত্যিই উদ্বেগজনক। প্রতিষ্ঠানগুলোর সার্বিক অবস্থা পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয় প্রয়োাজনীয় ব্যবস্থা নেবে।
এ বছর জেলার ৮৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৩৯ হাজার ৬৭২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৩০ হাজার ৭৮ জন, দাখিল ৫ হাজার ৩২১ জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ৪ হাজার ২৭৩ জন।
জেলায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৬০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *