BANGLA QR-এর সুবিধা সম্পর্কে জানতে জামালপুরে অগ্রণী ব্যাংকের রোড শো অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
‘BANGLA QR-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী রোড শো কর্মসূচির আয়োজন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।
এর অংশ হিসেবে ১০ আগস্ট ২০২৬ তারিখ সকাল ৯ টা হতে ১০ টা পর্যন্ত ঘন্টাব্যাপী অগ্রণী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয়, জামালপুর- এর উদ্যোগে বর্ণাঢ্য ও মনোমুগ্ধকর এক রোড শো অনুষ্ঠিত হয়েছে।
রোড শোতে নেতৃত্ব দেন অগ্রণী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয় জামালপুর এর অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোঃ হারুনুর রশিদ। তাঁর ব্যবস্থাপনা ও নেতৃত্বে জামালপুর শহরে অবস্থিত ব্যাংকের আঞ্চলিক কার্যালয় এবং তিনটি শাখার নির্বাহী কর্মকর্তা-কর্মচারীরা পিটিআই মোড় হতে বকুলতলা মোড় পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় রোড শোতে অংশগ্রহণকারী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে BANGLA QR-এর মাধ্যমে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের সুবিধা, প্রয়োজনীয়তা এবং নিরাপদ লেনদেনের বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন। একই সঙ্গে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে বিভিন্ন তথ্য তুলে ধরেন ।
সচেতনতা তৈরির এ রোড শোতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের জনসম্পৃক্ত কর্মসূচি ডিজিটাল লেনদেনের প্রসার এবং একটি আধুনিক ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
