উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

জমি সংক্রান্ত বিরোধের জেরে মুদি দোকানে চুরির অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার আমবাড়িয়া রোকনাই গ্রামে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে একটি মুদি দোকানে চুরির অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ, সিগারেট, বিস্কুট, নানান ধরনের মনোহারি পণ্য ও কেরোসিনসহ আনুমানিক নগদ টাকাসহ মোট দেড় লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার রোকনাই গ্রামের মুদি ব্যবসায়ী মাসুম রহমানের বাড়ির সঙ্গে লাগোয়া দোকানে গত ৩ আগস্ট দিবাগত রাতে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। সকালে দোকান খুলতে গিয়ে টিন কাটা ও মালামাল তছনছ অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী পরিবারের দাবি, মাসুম রহমানের বাবা মনোয়ার হোসেনের সঙ্গে একই এলাকার শরাফত মোল্লা, মনু মোল্লা, মোস্তফা মোল্লা ও রমেজ শেখ গংদের সাথে দীর্ঘ দিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে।
পরিবারটির অভিযোগ, গত ৩০ জুলাই জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মাসুম রহমানের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় মনোয়ার হোসেন মেলান্দহ থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাটি তদন্ত করেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
মাসুম রহমানের পরিবারের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার কয়েকদিনের মধ্যেই ৩ আগস্ট রাতে দোকানের টিন কেটে চুরির ঘটনা ঘটে। এতে দোকান থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকা, সিগারেটের কার্টন, বিস্কুট ও বিভিন্ন ধরনের মনোহারি পণ্যসহ মোট দেড় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে ভুক্তভোগী মুদি ব্যবসায়ী মাসুম রহমান চুরির ঘটনায় থানায় মামলা না নেওয়ায় বিজ্ঞ আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
স্থানীয়দের প্রত্যাশা, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে যেন নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং তদন্তের মাধ্যমে চুরির প্রকৃত রহস্য উদ্ঘাটন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *