মেলান্দহ পূর্ব ছবিলাপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলার ৯ নম্বর ঘোষেরপাড়া ইউনিয়নের পূর্ব ছবিলাপুর স্পোর্টিং ক্লাব ও যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে পূর্ব ছবিলাপুর মাঠে অনুষ্ঠিত জমজমাট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা বিএনপির উপদেষ্টা সৈয়দ হাফিজুল্লাহ বিজয়।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ হাফিজুল্লাহ বিজয় বলেন, “তরুণ সমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে আমাদের যুবসমাজকে সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্য বৃদ্ধিরও গুরুত্বপূর্ণ মাধ্যম। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে আয়োজকদের এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি ও ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বুলবুল। খেলার উদ্বোধন করেন শফিউল আলম শফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি ও ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু।
এ সময় খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন প্রধান অতিথির সহধর্মিণী, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা আক্তার মুকুল। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব ছবিলাপুরের সমাজসেবক আলহাজ্ব চাঁন মিয়া আকন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী ও বিপুলসংখ্যক দর্শক।
ফাইনাল খেলায় পূর্ব ছবিলাপুর ডাক্তার বাড়ী স্পোর্টিং ক্লাব ও বিএনএস বাজার স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়। নির্ধারিত সময়ে কোনো দলই জয় নিশ্চিত করতে না পারায় ম্যাচের ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়।
টাইব্রেকারে বিএনএস বাজার স্পোর্টিং ক্লাব ৫টি গোল করে এবং পূর্ব ছবিলাপুর ডাক্তার বাড়ী স্পোর্টিং ক্লাব ৩টি গোল করে। ফলে ৫-৩ গোলের ব্যবধানে বিএনএস বাজার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা বলেন, “যুবসমাজকে সুস্থ, সুন্দর ও মানবিক পরিবেশে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
স্থানীয়দের মতে, এমন আয়োজন এলাকায় ক্রীড়াচর্চা বাড়ানোর পাশাপাশি তরুণদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।
