বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
মাদারগঞ্জ প্রতিনিধি:
জেলার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরশুভগাছা এলাকায় ফসলি জমিতে সেচ দেওয়ার মটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহার মন্ডল (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত আজাহার মন্ডল উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরশুভগাছা এলাকার তফিল মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো সকালে নিজের জমিতে সেচ দিতে যান আজাহার মন্ডল। সেখানে শ্যালো মেশিনের বৈদ্যুতিক সেচ মটর চালু করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশীষ রায় জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক সংযোগ ব্যবহারের ক্ষেত্রে কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
