জামালপুরে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল: মাঠে ফিরছে লাখো মানুষ, জাগছে ক্রীড়ার প্রাণ

জামালপুর প্রতিনিধি:
জামালপুরে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিটি ম্যাচে বিপুলসংখ্যক দর্শক ছুটে আসছেন জামালপুরের আধুনিক স্টেডিয়ামে। দর্শকদের উপস্থিতিতে ম্যাচগুলো পরিণত হচ্ছে উৎসবমুখর আয়োজনে। গ্যালারিতে উপচেপড়া ভিড় আর মাঠের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে প্রাণ ফিরে পেয়েছে জেলার ক্রীড়াঙ্গন।
জেলা প্রশাসক গোল্ড কাপ শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, এটি এখন তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার সঙ্গে সম্পৃক্ত করার একটি ইতিবাচক সামাজিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ফুটবলকে কেন্দ্র করে ছাত্রসমাজ, যুবসমাজ, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আবারও মাঠমুখী হচ্ছেন। এতে তরুণদের মধ্যে শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, সৌহার্দ্য ও দলগত চেতনা গড়ে ওঠার পাশাপাশি মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের প্রত্যাশাও জোরালো হচ্ছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে জেলার প্রতিটি উপজেলা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। ফলে প্রত্যন্ত অঞ্চলের অনেক উদীয়মান ফুটবলারের প্রতিভা বিকাশের পথও উন্মুক্ত হচ্ছে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকলে তরুণ প্রজন্ম মোবাইল ও অনলাইননির্ভর জীবন থেকে বেরিয়ে মাঠের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হবে। ক্রীড়া চর্চার মাধ্যমে মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখা সম্ভব হবে। এতে সমাজে ইতিবাচক পরিবেশ সৃষ্টি এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ আরও বাড়বে।
জামালপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টটি সফলভাবে এগিয়ে যাচ্ছে। জেলা প্রশাসনের সঙ্গে জেলার প্রতিটি উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং জেলার পাঁচটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের সহযোগিতা ও আন্তরিকতায় এ আয়োজন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
খেলা দেখতে আসা দর্শকদের অনেকেই বলেন, দীর্ঘদিন পর জামালপুরের স্টেডিয়ামে এমন প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। পরিবার-পরিজন নিয়ে মাঠে এসে খেলা উপভোগ করছেন বিভিন্ন বয়সী মানুষ। এতে ক্রীড়াকে ঘিরে সামাজিক বন্ধনও আরও দৃঢ় হচ্ছে।
জেলা প্রশাসক গোল্ড কাপকে ঘিরে ইতোমধ্যে জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ফুটবল নিয়ে নতুন আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয় খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি ভালোবাসা সৃষ্টিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
‘মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি’—এই ইতিবাচক বার্তাকে সামনে রেখে জামালপুরে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এখন পরিণত হয়েছে তারুণ্যের শক্তি, ঐক্য, সম্প্রীতি ও সুস্থ বিনোদনের এক মিলনমেলায়। ক্রীড়াঙ্গনের এ জাগরণ আগামী দিনে আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশা জেলার ক্রীড়াপ্রেমী মানুষ ও সচেতন মহলের।
