আলোচিতউপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

৭ মাসেও সংস্কার হয়নি সড়কের গর্ত, রাতের অন্ধকারে দুর্ঘটনার শঙ্কা

মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪নং বালিজুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মির্জাপুর গ্রামে দীর্ঘ প্রায় সাত মাস ধরে সড়কের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হলেও এখনো সংস্কার করা হয়নি। দীর্ঘদিন ধরে গর্তটি পড়ে থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় কোনোভাবে গর্তটি এড়িয়ে যানবাহন চলাচল করতে পারলেও রাতের অন্ধকারে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় দূর থেকে গর্তটি সহজে দেখা যায় না। ফলে কোনো যানবাহন অসতর্কভাবে চলাচল করলে মুহূর্তেই গর্তে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কের এই সমস্যাটি থাকলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট ইউপি সদস্য থেকে শুরু করে কেউই গর্তটি সংস্কারের উদ্যোগ নেননি। ছোট একটি উদ্যোগের মাধ্যমে সাময়িকভাবে হলেও ঝুঁকি কমানো সম্ভব হলেও সেটিও করা হয়নি বলে অভিযোগ তাদের।

ক্ষোভ প্রকাশ করে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “নির্বাচন এলেই ভোট চাইতে আমাদের দ্বারে দ্বারে আসেন জনপ্রতিনিধিরা। কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পর এলাকার এমন সমস্যা দেখতে কেউ আসেন না।”
তাদের প্রশ্ন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে যদি জনপ্রতিনিধিরা এগিয়ে না আসেন, তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে?

স্থানীয়রা আরও বলেন, একটি সড়কের গর্ত সংস্কার করা হয়তো বড় কোনো কাজ নয়। সমাজের মানুষের নিরাপদ চলাচলের জন্য এমন একটি ছোট উদ্যোগও অনেক বড় দুর্ঘটনা প্রতিরোধ করতে পারে। তাই কোনো দুর্ঘটনা ঘটার পর নয়, তার আগেই সংশ্লিষ্টদের এগিয়ে এসে গর্তটি দ্রুত সংস্কার করা উচিত।

মির্জাপুর গ্রামের বাসিন্দাদের দাবি, দীর্ঘ সাত মাস ধরে পড়ে থাকা গর্তটি দ্রুত সংস্কার করে যানবাহন ও পথচারীদের চলাচল নিরাপদ করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
স্থানীয়দের আশঙ্কা—গর্তটি দ্রুত সংস্কার করা না হলে রাতের অন্ধকারে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *