উপজেলার সংবাদজামালপুর

জামালপুরে ডিআইজির আকস্মিক পরিদর্শন 

 
মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
শেরপুর থেকে ফেরার পথে জামালপুর সদর থানা আকস্মিক পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা)। বুধবার (২৩ সেপ্টেম্বর) থানায় পৌঁছালে অফিসার ইনচার্জ মো. নাজমুস সাকিবের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে ডিআইজি থানার নির্মাণাধীন আধুনিক ভবনের কাজের অগ্রগতি ও গুণগত মান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরে পুরাতন ভবন ও থানা কম্পাউন্ড পরিদর্শনের পাশাপাশি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে ডিআইজি বলেন, থানায় সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে বিনয়ী ও মানবিক আচরণ করতে হবে। দ্রুততম সময়ে শতভাগ স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে আইনি সেবা নিশ্চিত করতে হবে।
পরিদর্শনের অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে পুলিশ অফিসার্স মেস, জামালপুর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন ডিআইজি।
পরে তিনি জামালপুর জেলা পুলিশ অফিস পরিদর্শন করেন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন। জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার, পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ, সার্বজনীন ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *