সরিষাবাড়ীতে চোরাই স্বর্ণালঙ্কারসহ যুবক আটক
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে চুরি যাওয়া একভরি স্বর্ণালঙ্কারসহ জাহিদ হাছান (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এরআগে সোমবার রাতে তাকে আটক করা হয়েছে।
আটককৃত জাহিদ সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী এলাকার জাহাঙ্গীরের ছেলে।
পুলিশ সূত্র জানায়, উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারি গ্রামের আরিফুজ্জামানের স্ত্রী সুবর্ণা আক্তার গত ২৪ সেপ্টেম্বর বাসায় তালা দিয়ে সন্তানকে নিয়ে তারাকান্দি শাহীন স্কুলে যান। বাড়ি ফিরে দেখেন—ঘরের দরজা ভাঙা, ভেতরে ড্রেসিং ট্রেবিলের ড্রয়ার ভাঙা, আসবাবপত্র এলোমেলো এবং ৬ ভরি স্বর্ণ ও নগদ ৭০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে।
এব্যাপারে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্তকারী কর্মকর্তা এসআই সুলতান মাহমুদ সোমবার রাতে শিমলাপল্লী এলাকার জাহিদ হাছানের বাড়িতে অভিযান চালান। এসময় একভরি স্বর্ণালঙ্কারসহ জাহিদ হাছানকে আটক করা হয়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, আটককৃত জাহিদ হাছানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
