ইসলামপুরে এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্নফাঁস হওয়ায় দুই শিক্ষক বহিষ্কার
কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগে ওই কেন্দ্রের দুই কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
তাঁরা হলেন- ইসলামপুর সদর ইউনিয়নের পাঁচবাড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামাল উদ্দিন এবং পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতালেব।
জানা যায়, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যে কেন্দ্রের ভেন্যুর কক্ষের জানালা দিয়ে প্রশ্ন পত্র বাহিরে দেয় পরিক্ষার্থীরা। মুহূর্তেই প্রশ্নফাঁসের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম মোবাইলে ভাইরাল হয়।
এ খবর পেয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম তাৎক্ষণিক কেন্দ্রটি পরিদর্শন করে কক্ষ পরিদর্শকদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।
ইসলামপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে এবার কেন্দ্রীয় প্রতিষ্ঠানসহ সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়, সভুকুড়া মন্ডলপাড়া উচ্চ বিদ্যালয়, পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়, পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় ও বুলবুল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬০১ জন শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন।
এ বিষয়ে কেন্দ্র সচিব মাহাবুর রহমান জানান, ওই কক্ষে যারা দায়িত্বে ছিলেন তাদের বহিষ্কার করা হয়েছে।
ইসলামপুরের উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে কেন্দ্রটি পরিদর্শন করে কক্ষ পরিদর্শকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এর সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
