বকশিগঞ্জে সাংবাদিকের ওপর হামলার মামলায় প্রধান আসামী গ্রেপ্তার
কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
বকশিগঞ্জ পৌর নির্বাচনে নির্বাচিত ও পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিক মতিন রহমানের ওপর হামলার ঘটনায় মামলার প্রধান আসামিকে দুপুর আড়াইটার দিকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, গত শনিবার বকশিগঞ্জ পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে কামরুজ্জামান সুজন কাউন্সিলর নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থকদের সঙ্গে বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বিজয়ী পক্ষের লোকজন পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা করে। এ সময় স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে নামাপাড়া এলাকায় ঘটনার তথ্য সংগ্রহ করতে যান।
সংবাদ সংগ্রহ শেষে নবনির্বাচিত কাউন্সিলর কামরুজ্জামান সুজনের বক্তব্য নিতে গেলে তাঁর সমর্থক ও আত্মীয় স্বজনরা সাংবাদিক মতিনের ওপর অতর্কিত হামলা চালায় এবং ব্যাপক মারধর করে। খবর পেয়ে সহকর্মী সাংবাদিকরা তাকে উদ্ধার করে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মতিন রহমান পৌর শহরের সওদাগরপাড়া এলাকার ময়েজ উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে রাতেই বকশিগঞ্জ থানায় সাংবাদিক মতিন রহমান বাদী হয়ে পৌর শহরের বড়বাড়ি গ্রামের আবিরুজ্জামান আক্কাস মাস্টারের ছেলে তৌহিদুজ্জামান তৌহিদকে আসামী করে ও অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলা করেন।
সাংবাদিক মতিন রহমান বলেন, সংঘর্ষের ব্যাপারে কাউন্সিলর কামরুজ্জামান সুজনের বক্তব্য নেওয়ার জন্য তার বাড়িতে যান। এ সময় পৌর শহরের বড়বাড়ি গ্রামের আবিরুজ্জামান আক্কাস মাস্টারের ছেলে তৌহিদুজ্জামান তৌহিদের নেতৃত্বে কাউন্সিলর সুজনের সমর্থিত ২৫ থেকে ৩০ জন লোক তার ওপর হামলা এবং মারধর করে। এ সময় হামলাকারীরা তার ক্যামেরা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
কাউন্সিলর কামরুজ্জামান সুজন মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা একটা বিষয় নিয়ে বাড়িতে বৈঠকে বসেছিলাম। এসময় সাংবাদিক মতিন সেখানে ভিডিও করছিল। তাকে মানা করা হলে বিষয়টি নিয়ে তর্কবিতর্ক হয়।
বকশিগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা বলেন, এ ঘটনায় সাংবাদিক মতিন রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বকশিগঞ্জ পৌরসভার নামাপাড়া গ্রামের আবিরুজ্জামান আক্কাস মাস্টারের ছেলে তৌহিদুজ্জামান তৌহিদকে (৪২) গ্রেপ্তার করে বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তারা মামলাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করছেন।
