উপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জে শ্রমিক ইউনিয়নের নেতা হয়েই বেপরোয়া খুদু-লাল!

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

বকশিগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা ছাইদুর রহমান লাল ছাত্রলীগ নেতা থেকে তিনি এখন রাতারাতি শ্রমিক ইউনিয়নের নেতা বনে গেছেন।

জানা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে ভাগ্য যেন সহায় হয়েছে বকশিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছাইদুর রহমান লালের।

জামালপুর-১ ( দেওয়ানগঞ্জ – বকশিগঞ্জ)
আসনের এমপি নূর মোহাম্মদের নাম ভাঙিয়ে ও তার সাথে তোলা ছবি দেখিয়ে সব সময় আলোচনায় থাকা ছাইদুর রহমান লাল এখন বকশিগঞ্জ সিএনজি,অটোরিকশা, অটোট্যাম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।
এমপি নূর মোহাম্মদের নাম ভাঙিয়ে গত ৪ এপ্রিল জামালপুর জেলা কমিটিকে ম্যানেজ করে শ্রমিক ইউনিয়নের উপজেলা কমিটি বাগিয়ে নেন ছাইদুর রহমান লাল। এই কমিটির সভাপতি করা হয় উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদুকে।

অভিযোগ রয়েছে ফজলুর রহমান খুদু এই শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেও মূল কাজ করেন ছাইদুর রহমান লাল। তিনি মূলত নূর মোহাম্মদ এমপির সাথে বিভিন্ন সময় তোলা ছবি কাজে লাগিয়ে মানুষের মাঝে এমপির খুব কাছের লোক সাজার চেষ্টা করছেন।

ছাইদুর রহমান লাল শ্রমিক ইউনিয়নের কমিটি পাওয়ার পর পরিবহন সেক্টরে চাঁদাবাজীতে মেতে উঠেছেন। তিনি পরিবহন শ্রমিক না হয়েও এমপির না ভাঙিয়ে পূর্বের কমিটি বাতিল করে রাতারাতি কমিটি এনে নতুন করে আলোচনায় ওঠে আসেন। বকশিগঞ্জের রাজনীতিতে পটপরিবর্তনের পর যে কয়জনের নাম আলোচনায় রয়েছে তার মধ্যে অন্যতম ছাইদুর রহমান লাল।

তার রুক্ষ ব্যবহারের কারণে পরিবহন শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরিবহন শ্রমিক জানান, লাল দায়িত্ব নেওয়ার পর থেকে তারা বেকায়দায় রয়েছেন। তিনি নিজেকে এমপির কাছের লোক দাবি করে শ্রমিকদের হুমকি-ধামকী শুরু করেছেন। বর্তমানে তার কাছে অসহায় হয়ে পড়েছেন প্রকৃত শ্রমিক নেতারা। তার চাঁদাবাজীতে অতিষ্ঠ শ্রমিকনেতারাও। মাসে অন্তত ২ থেকে ৩ লাখ টাকা চাঁদাবাজীর সুযোগ রয়েছে এই সেক্টরে। তাই এই সুযোগ হাতছাড়া করেননি এই শ্রমিক নেতা।

প্রকৃত শ্রমিক নেতারা জানান, ছাইদুর রহমান লাল উড়ে এসে জুড়ে বসেছেন। শ্রমিকদের ঘামের অর্থে ভাগ বসিয়েছেন। শ্রমিকদের কল্যাণের নামে চাঁদাবাজীতে মেতে উঠেছেন। ফলে সাধারণ শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

এদিকে সাবেক ছাত্রলীগ নেতা লাল শুধু পরিবহন সেক্টরই নয় এমপির দাপট দেখিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন। সুযোগ পেলে সেখানেও হাত বাড়াবেন বলে আশঙ্কা করছেন তারই দলের নেতা কর্মীরা।

স্থানীয় পরিবহন শ্রমিক ও সাবেক পরিবহন নেতাদের দাবি, ছাইদুর রহমান লাল সহ যারা ক্লিন ইমেজের নেতা বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের নাম বেঁচে ফায়দা লুটতে চায় তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে । তা না হলে অর্থের নেশায় এমপির সুনাম নষ্টের পাশাপাশি আওয়ামী লীগকেও ডোবাতে দেরি করবে না ছাইদুর রহমান লালের মত সুবিধাবাদীরা।
তাই এখনি সতর্ক হতে স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় পরিবহন শ্রমিকরা।

এ ব্যাপারে উপজেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি ও বকশিগঞ্জ সিএনজি , অটোরিকশা , অটোট্যাম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাইদুর রহমানের সাথে বার বার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *