বকশিগঞ্জে নাশকতা মামলায় বিএনপি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশিগঞ্জে নাশকতা মামলায় বিএনপি নেতা ও স্বেচ্ছাসেবক লীগনেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার রাতে একজনকে জব্বারগঞ্জ বাজার থেকে অপরজনকে পৌর এলাকার সরদারপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাকির হোসেন মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুন পাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে। তিনি আইরমারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং মেরুরচর ইউনিয়ন বিএনপির সদস্য। অপরজন মেরুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এরশাদ হোসেন একই গ্রামের আ: ছালামের ছেলে।
বকশিগঞ্জ থানা পুলিশ জানায়, বুধবার রাতে জব্বারগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি নাশকতার মামলায় মেরুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এরশাদ হোসেনকে এবং একই রাতে পৌর এলাকার সরদারপাড়া থেকে মেরুরচর ইউনিয়ন বিএনপির সদস্য জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নাশকতার মামলায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এরশাদ হোসেন ও জাকির মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে ওই দুইজনকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
