বকশিগঞ্জে বিএনপির সম্মেলন স্থগিত করার দাবিতে পদ বঞ্চিতদের বিক্ষোভ মিছিল
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশিগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন স্থগিত করার দাবিতে বিএনপির পদ বঞ্চিত ও ত্যাগী নেতারা বিক্ষোভ মিছিলও প্রতিবাদ সভা করেছে।
শনিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে মধ্যবাজারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বাদশার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, সাবেক সদস্য সচিব আবদুল কাইয়ুম, সাবেক যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান উজ্জল, পৌর বিএনপির সবেক সভাপতি হাফিজুর রহমান ফিরোজ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল সাফি লিপন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, অনিয়মতান্ত্রিকভাবে বকশিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের পাঁয়তারা চলছে। তৃণমূলের মতামত উপেক্ষা করে আগামি ১৮ ফেব্রুয়ারি সম্মেলন করার চেষ্টা করা হচ্ছে। তাই ১৮ তারিখের সম্মেলন স্থগিত করে সকলের মতামতের ভিত্তিতে যোগ্য ও ত্যাগী নেতা কর্মীদের সমন্বয়ে উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের দাবি জানান তাঁরা। এর আগে সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বাতিল করতে হবে বলেও দাবি জানান।
প্রতিবাদ সভায় বিভিন্ন ইউনিয়নের সাবেক ও পদ বঞ্চিত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
