বকশিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা নির্বাচন অফিসের সার্বিক তত্ত্বাবধানে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদে দুইদিন ব্যাপী ছবি তোলা এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
দুই দিনে ধানুয়া কামালপুর ইউনিয়নের এক হাজার ২০০ জন ভোটার রেজিস্ট্রেশনের মাধ্যমে ছবি তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
ভোটারের চোখের পরীক্ষা, হাতের ছাপ, নিজ হাতে স্বাক্ষরসহ ছবি তোলা হয়। সাতজন অপারেটর, একজন টিম লিডার, একজন টেকনিক্যাল পারসন ছবিসহ ভোটার হালনাগাদ কার্যক্রমে সহায়তা করছেন।
উদ্বোধনকালে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামালসহ নির্বাচন অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বকশিগঞ্জ উপজেলার একটি পৌরসভা, সাতটি ইউনিয়নে ছবিসহ তালিকা হালনাগাদ কার্যক্রম আগামি ৭ এপ্রিল পর্যন্ত চলবে।
