বকশিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান ভষ্মীভূত
বকশিগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশিগঞ্জে সাধুরপাড়া ইউনিয়নের নতুন বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ধাতুয়াকান্দা নতুন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাইফুলের মনোহারি দোকানে আগুনের শিখা মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নিয়ে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে বাজারের মুদি দোকান, ফার্মেসি, কম্পিউটার দোকান, সেলুন ও ধানের গোডাউনসহ মোট ৮ টি দোকান পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে বকশিগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে খবর পেয়ে বকশিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আকরাম হোসেন বলেন, এ দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ টাকা বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। তাদের ক্ষতি কাটিয়ে উঠতে সার্বিক সহযোগিতা করা হবে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
বকশিগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার হারুনুর রশীদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা জানান, উপজেলা প্রসাশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
