আলোচিতউপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির হাতে দুই বাংলাদেশি আটক

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরের বকশিগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়নের মাজার টিলা এলাকার সীমান্তবর্তী ১০৮৬ নং পিলারের কাছ থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির হাতে আটককৃতরা হলেন, ভোলা জেলার সদর থানার বেদুরিয়া গ্রামের লিটন গাজীর ছেলে খোকন গাজী (৩১) ও ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার এলংজানী গ্রামের আব্দুল জব্বারের ছেলে সোহেল রানা (৩২)।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, কাজের উদ্দেশ্যে দুই বাংলাদেশি খোকন গাজী ও সোহেল রানা নামে দুই যুবক বুধবার রাত সাড়ে ৯টার দিকে বকশিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ১০৮৬ নং পিলারের কাছে ধানুয়া কামালপুর ইউনিয়নের মাজার টিলা এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় জামালপুর ৩৫ বিজিবির সাতানী পাড়া বিওপির টহলরত সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে কাজের উদ্দেশ্যে ভারতে যাচ্ছিলেন বলে স্বীকার করেন ওই দুই বাংলাদেশি যুবক।

আটকের সময় তাদের কাছ থেকে ভারতীয় ২ আধার কার্ড, ৩টি মোবাইল, ৫টি সিম কার্ড, দুটি চার্জার ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়। পরে বকশিগঞ্জ থানায় ওই দুইজনকে হস্তান্তর করা হয়েছে।

বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের এর পর বৃহস্পতিবার জামালপুর আদালতে সোর্পদ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *