আলোচিতউপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

দলকে কোন মতেই আওয়ামী দোসরদের হাতে তুলে দেওয়া যাবে না …সাবেক আইজিপি আবদুল কাইয়ুম

কাফি পারভেজ,স্টাফ রিপোর্টার:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম বলেছেন, নূন্যতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা জরুরি হয়েছে। দেশের মানুষ তাদের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছেন।

গত পতিত সরকারের দোসরদের কাছ থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। অন্তর্বতী সরকারের দুর্বলতার কারণে আমাদের মধ্যে যেন অনৈক্য সৃষ্টি না করতে পারে এবং পরাজিত শক্তি যেন ফায়দা হাসিল করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে।

তিনি সোমবার দুপুরে জামালপুরের বকশিগঞ্জে নিজ এলাকায় আগমন উপলক্ষে কুশলনগর, নিলাখিয়া, পাখিমারা, মালিবাগ ও হাইস্কুল মোড়সহ একাধিক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম বলেন, অর্ন্তবর্তী সরকারের সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যে ঐক্য রয়েছে সেটা যেন ঠিক থাকে। আমি দলে কোন বিভেদ চাই না তাই আমি ঐক্যের বার্তা নিয়ে আপনাদের মাঝে এসেছি। দলকে কোন মতেই আওয়ামী দোসরদের হাতে তুলে দেওয়া যাবে না।
সাবেক এই আইজিপি পথসভায় আরো বলেন, যারা জাতীয়তাবাদীতে বিশ্বাসী তাদের সবাইকে নিয়ে দল পরিচালনা করা হবে। এজন্য যারা দলের বাইরে রয়েছেন তাদের দলে অন্তর্ভুক্ত করতে হবে।

সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ তালুকদারের নেতৃত্বে বকশিগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি’র ত্যাগী ও পদ বঞ্চিত নেতৃবৃন্দ আয়োজিত এসব পথ সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ফরিদ, সাবেক যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বাদশা, সাবেক সহ-সভাপতি রকিবুল হাসান বাবুল, সাবেক সদস্য সচিব আ: কাইয়ুম, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মো. শহিদুল্লাহ, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব মো. আব্দুল্লা আল শাফি লিপন, নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল মজিদ সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেলসহ সাবেক বিএনপির নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

দীর্ঘদিন পর বকশিগঞ্জ আগমন উপলক্ষে বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত থেকে তাকে ফুলেল শুভেচ্ছ জানান। পথসভা শেষে তিনি তার নিজ বাড়ি পাখিমারায় তাঁর বাবা মায়ের কবর জিয়ারত করেন।

উল্লেখ্য আব্দুল কাইয়ুম ১৯৪৮ সালের ২৮ জানুয়ারী জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার পাখিমারা গ্রামের সরকার বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি জামালপুর জিলা স্কুল থেকে এসএসসি ও সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং ১৯৬৯ সালে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি ছিলেন ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র।

তিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা হিসেবে বলিষ্ঠ ভূমিকাও রাখেন। মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টরে প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব ভার গ্রহন করলে তখন আব্দুল কাইয়ুম স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এবং রনাঙ্গনে সমুখ সারিতে যুদ্ধে অংশ গ্রহন করেন।

এ ছাড়াও তিনি যুক্তরাজ্যের ড্রামসিল স্টাফ কলেজ থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করেন এবং দ্বিতীয় রানী এলিজাবেথ এর নিকট থেকে সম্মাননা স্বারক গ্রহন করেন। ১৯৭৩ সালে তিনি বিসিএস প্রথম ব্যাচে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদেন। এর আগে তিনি নেত্রকোনা কলেজের অর্থনীতির প্রভাষক ছিলেন। দীর্ঘ চাকরি জীবনে আব্দুল কাইয়ুম নোয়াখালী, রাজশাহী, নওগাঁ এবং সিলেটের পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি ডিবি, অতিরিক্ত কমিশনার এবং কমিশনার, পুলিশ সদর দফতর ডিআইজি, সারদা পুলিশ একাডেমীর অধ্যক্ষ এবং স্পেশাল ব্রাঞ্চের এডিশনাল আইজি হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত আইজিপি শেষে ২০০৫ সালের ৫ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ বাহিনীর ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) হিসেবে নিয়োগ দেন।

মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম সর্বত্রই দক্ষতা ও নিষ্ঠার সাথে পুলিশ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *