জামালপুরে আয়া ও নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যু
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুরে নগর মাতৃসদন কেন্দ্রের কর্তৃপক্ষের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নার্স ও আয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে থানা পুলিশ।
শনিবার ভোরে শহরের পশ্চিম ফুলবাড়িয়া কলাবাগান এলাকার নগর মাতৃসদন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত নবজাতকের বাবা সোহেল আনসারী জানান, শুক্রবার সন্ধ্যায় তার স্ত্রী নৌরিন জান্নাত মৌকে প্রসববেদনা নিয়ে শহরের পশ্চিম ফুলবাড়িয়া কলাবাগান এলাকায় জামালপুর পৌরসভার বাস্তবায়নে ও আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রে ভর্তি করান।
ওই সময় হাসপাতালে কোনো গাইনী চিকিৎসক উপস্থিত না থাকলেও হাসপাতালের নার্স শিরিন আক্তার ও আয়া ময়না শনিবার ভোররাতে প্রসূতিকে স্বাভাবিক প্রসবের চেষ্টা করে নবজাতককে মেরে ফেলে। টেনে-হিঁচড়ে বের করার সময় শিশুটির শরীরে একাধিক জায়গায় আঘাত লেগেছে এবং তার গলায় এবং শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানান সোহেল। সোহেল আনসারীর বাড়ি সদর উপজেলার নারিকেলি এলাকায়। এটা তার প্রথম সন্তান ছিল বলে জানান তিনি।
এ ঘটনায় অভিযুক্ত নার্স ও আয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জামালপুর থানায় নিয়ে যায় পুলিশ।
জামালপুর সদর থানার ওসি ফয়সল আতিক জানান, এখনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
