দেওয়ানগঞ্জে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মাদরাসার শিক্ষার্থী নিহত
দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সরকারপাড়া বকশিগঞ্জ- রাজীবপুর হাইওয়ে সড়কে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে হাবিবা খাতুন ( ৮) নামে এক শিশু নিহত হয়েছে।
হাবিবা খাতুন উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর সরকারপাড়া গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। সে সরকারপাড়া কওমি মাদরাসার শিক্ষার্থী ছিল।
৮ জুলাই, মঙ্গলবার বিকালে ডাংধরা ইউনিয়নের সরকারপাড়া বকশীগঞ্জ- রাজীবপুর হাইওয়ে সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে শিশু হাবিবা খাতুনের মা ফুলেছা খাতুন তার মেয়েকে নিয়ে ডাংধরা ইউনিয়নের সরকারপাড়া বকশিগঞ্জ- রাজীবপুর হাইওয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় আকিজ কোম্পানির সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান (ঢাকা-উ-১১-০০০৪) রাজীবপুরের দিকে যাওয়ার সময় চাকায় পিষ্ট করলে হাবিবা খাতুন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান ও এর চালককে আটক করেছে স্থানীয়রা।
নিহত হাবিবা খাতুনের মা ফুলেছা খাতুন বলেন, আমি মেয়েকে নিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাক দ্রুত গতিতে এসে মেয়েকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় ।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান বলেন, নিহত শিশু হাবিবা খাতুনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
