আড়াই বছরেও চালু হয়নি পল্লী উন্নয়ন একাডেমির কার্যক্রম ভূতুড়ে নগরীতে পরিণত
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জনবল নিয়োগ না হওয়ায় আড়াই বছরেও জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) কার্যক্রম চালু হয়নি। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের হতদরিদ্র মানুষকে প্রশিক্ষিত করে জনশক্তিতে রূপান্তর করার উদ্দেশ্য নিয়ে নির্মাণ করা হয়। প্রায় ১৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত পল্লী উন্নয়ন একাডেমিটি বর্তমানে অযতœ ও অবহেলায় যন্ত্রপাতি ও আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। ২০২২ সালে নির্মাণের পর থেকে এটি খালি পড়ে আছে। পুরো একাডেমি যেন ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে।
জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর জেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরে মেলান্দহ উপজেলার মহিরামকূল এলাকায় ২০২২ সালে ৫০ একর জমিতে নির্মাণ করা হয় শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি। যা বর্তমানে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি নামে পরিচিত। গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে প্রশিক্ষণ, গবেষণা ও প্রয়োগিক কাজের মাধ্যমে পল্লী এলাকার মানুষের আর্থ-সামাজিক দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি গত আড়াই বছরেও কার্যক্রম শুরু করতে পারেনি। ফলে একাডেমির বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হচ্ছে এবং গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুরো একাডেমি যেন ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে।
এখানে অনুমোদিত জনবল ১১০টি। পুরো একাডেমিতে জনবল না থাকলেও ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এখানে মহা-পরিচালক ও ৮ জন নিরাপত্তা কর্মী নিয়োগ পেয়েছেন। তবে অস্থায়ীভাবে কিছু লোক দিয়ে রক্ষণাবেক্ষণের কাজ কোনো রকমে চালানো হচ্ছে।
বর্তমানে একাডেমির অফিসে কার্যক্রম চলছে চরম অব্যবস্থাপনায়। সরকারি বাজেটে ৫০ একর জমির ওপর নির্মিত এই প্রকল্পে শতকোটি টাকারও বেশি ব্যয়ে এখানে ১০ তল বিশিষ্ট প্রশাসনিক ভবন, ৬ তল বিশিষ্ট তিনটি হোস্টেল, ৪ তল ডরমিটরি ভবন, স্কুল ও মসজিদসহ সব নির্মাণ কাজ ২০২৩ সালে সম্পন্ন হয়। কিন্তু এরপর থেকে একাডেমির কার্যক্রম বন্ধ রয়েছে।
নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, জামালপুর জেলার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ৫০ একর জমির ওপর পল্লী উন্নয়ন একাডেমি স্থাপন করা হয়েছিল। তবে সরকার একজন মহা-পরিচালক নিয়োগ দিয়ে দায় সেরেছেন। ফলে পল্লী উন্নয়ন একাডেমি চারণভূমিতে পরিণত হয়েছে এবং জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। অযত্নে ও অবহেলায় কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হচ্ছে। সরকার দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ করে ট্রেনিং কার্যক্রম চালু করার দাবী জানিয়েছেন।
পল্লী উন্নয়ন একাডেমির মহা-পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, তিনি ২০২৪ সালে জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন। জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তবে জনবল সংকটের কারণে একাডেমীটি এখনও পুরোপুরি কার্যক্রম শুরু করতে পারেনি। বর্তমানে জনবল নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। শিগগিরই জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং প্রায় ৬০ জনের মতো জনবল নিয়োগ সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, পল্লী উন্নয়ন মূলত দারিদ্র্য বিমোচন এবং গবেষণা কার্যক্রমের মাধ্যমে কাজ করবে। এই অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করা হবে এবং সেগুলো প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা হবে। ফলে এই এলাকার মানুষ উপকৃত হবে।
