আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক গ্রেপ্তার

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরে জিয়া সাইবার ফোর্স জেলা শাখার আহ্বায়ক শুভ পাঠানকে বুধবার ভোর রাতে জামালপুর পৌর শহরের পুরাতন পৌরসভা গেইট এলাকার নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ।

আটক শুভ পাঠান উক্ত এলাকার মৃত ওবায়দুল হাসান টিপু পাঠানের ছেলে।

জানা গেছে, দীর্ঘ ৯ বছর পর আগামী ২৩ আগস্ট শনিবার জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন বন্ধের দাবিতে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে শহরে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বকুলতলা থেকে দয়াময়ী এলাকায় গিয়ে শেষ হয়। রাস্তায় আগুন ধরিয়ে সম্মেলন বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিএনপির একাংশের নেতা কর্মীরা কিছুক্ষণ সেখানে অবস্থানের পর মিছিল নিয়ে আবার মূল শহরের দিকে চলে যায়। মশাল মিছিলের আগে শহরের বকুলতলায় বুধবার অর্ধদিবস হরতালের ডাক দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী। মিছিল থেকে আগামী শনিবার অনুষ্ঠেয় জেলা বিএনপির সম্মেলন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় জিয়া সাইবার ফোর্সের জামালপুর জেলা শাখার আহ্বায়ক শুভ পাঠানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে শহরের দৈনিক আনন্দগঞ্জ বাজারে এবং ঢাকাইপট্টি থেকে বড় মসজিদ পর্যন্ত আংশিক হরতাল পালিত হয়েছে। এ ছাড়া জেলার কোথাও হরতালে সাড়া দেননি মানুষ। স্বাভাবিক গতিতে চলে সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান, ট্রেন বাসসহ সব ধরনের যানবাহন।
হরতালে নাশকতার পরিকল্পনার দায়ে রাত ৩টার দিকে নিজ বাসা থেকে জিয়া সাইবার ফোর্স জেলা শাখার আহবায়ক শুভ পাঠানকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ককটেল ও ককটেল তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, শুভ পাঠান সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

উল্লেখ্য, এর আগে গত ২০২৪ সালের ডিসেম্বরের ২২ তারিখে নাশকতা মামলায় ঢাকার একটি হোটেল থেকে পুলিশের হাতে আটক হন জিয়া সাইবার ফোর্স জামালপুর জেলা শাখার আহ্বায়ক শুভ পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *