সিরিজ সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত
নানান নাটকীয়তার ম্যাচে রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ইংল্যান্ডে হওয়া এ সিরিজে আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা। আর সিরিজ সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত।
সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তবে চেমসফোর্ডে সিরিজের শেষ দুই ম্যাচ নিজেদের করে নিয়েছে টাইগাররা। যেখানে বড় অবদান নাজমুল হোসেন শান্তর। দ্বিতীয় ম্যাচে শতক হাঁকিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন তিনি। খেলেন ৯৩ বলে ১১৭ রানে গুরুত্বপূর্ণ ইনিংস।
তাছাড়া প্রথম ম্যাচে ৬৬ বলে ৪৪ এবং শেষ ম্যাচে ব্যাট হাতে করেন ৩২ বলে ৩৫ রান। আর দলের প্রয়োজনে বল হাতেও রোববার এনে দেন কাঙ্ক্ষিত সাফল্য। ৩ ওভার বল করে ১০ রান দিয়ে ফেরান হ্যারি টেক্টরকে।
১৯৬ রান করে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। গড় ৬৫.৩৩, স্ট্রাইকরেট শতাধিক; ১০২.৬২। এমন দারুণ পারফরম্যান্সের সুবাদে সিরিজ সেরা ক্রিকেটারের স্বীকৃতিও জুটেছে শান্তের ললাটে। ওয়ানডে ক্রিকেটে এই প্রথমার। যদিও টি-টোয়েন্টিতে মাস দুয়েক আগে সিরিজ সেরা নির্বাচিত হন তিনি।
এ অর্জনে বেশ উচ্ছ্বসিত নাজমুল। সিরিজ সেরার পুরস্কার জেতার পর নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়েছেন শান্ত। যেখানে তিনি লিখেছেন, ‘কখনো বিশ্বাস করা বন্ধ করবেন না। আলহামদুলিল্লাহ।’
ক্যারিয়ারে বেশ লম্বা সময় জুড়েই খারাপ সময়ে হাবুডুবু খেয়েছেন তিনি, প্রায় অর্ধযুগ তাকে লড়াই করতে হয়েছে ব্যর্থতার সাথে। তবে অবশেষে সুসময়ের মুখ দেখেছেন তিনি। নিজেকে সাজাচ্ছেন নতুন নতুন সব কীর্তিতে। যার একটি এই সিরিজ সেরার স্বীকৃতি।
