গণভোটের গাড়ি সুপার ক্যারাভান জামালপুরে
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুরে ভোট ও গণভোট প্রচার কার্যক্রমে অংশ নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেছেন, নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার বহাল রাখা, নির্বাচন কমিশনসহ শাসন ব্যবস্থায় বিভিন্ন সংস্কারের পক্ষে জনগণকে বোঝানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। এসব পরিবর্তন চাই কিনা তা গণভোটের মাধ্যমে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে।
মঙ্গলবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার ক্যারাভান’ বহরের ‘ভোটের গাড়ি’ এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো উল্লেখ করে বলেন, ডিজিটাল ডিসপ্লে, শক্তিশালী সাউন্ড সিস্টেম ও ভিডিও কনটেন্ট সমৃদ্ধ এই ক্যারাভানে ভোটারদের জন্য নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোট দেওয়ার সঠিক নিয়ম, কেন্দ্রে করণীয়-বর্জনীয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এছাড়াও মতামত বাক্সে সাধারণ মানুষের লিখিত বক্তব্য ও গণস্বাক্ষর গ্রহণ করা হয়।
দেশের চাবি আপনার হাতে’ স্লোগান নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌঁছে দিতে জামালপুরে প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।
এ সময় পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বক্তব্য রাখেন। এ ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, স্থানীয় সরকারের উপ পরিচালক মৌসুমী খানম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারসহ বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ ও ভোটাররা উপস্থিত ছিলেন।
