জামালপুরে পেট্রোল মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
শহর প্রতিনিধি, জামালপুর:
জামালপুর শহরের পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুই এন্টারপ্রাইজকে দুই হাজার পাঁচশত লিটার পেট্রোল মজুদ রাখায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সুশৃঙ্খলভাবে সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মাঝে তেল বিতরণ শুরু করা হয়।
জানা যায়, শনিবার সকাল থেকেই মেসার্স জুই এন্টারপ্রাইজের সামনে মোটসাইকেল চালকেরা ভিড় জমান তেলের জন্য। জুই এন্টারপ্রাইজ থেকে চালকদের জানানো হয় তাদের কাছে কোনো পেট্রোল নেই। এ নিয়ে হট্টগোল শুরু হলে সংবাদ পেয়ে জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর নির্দেশে সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ১২টি ড্রামে প্রায় ২৫০০ লিটার পেট্রোলের মজুদ পাওয়া যায়। মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের কাছে তেল বিক্রয় না করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স জুই এন্টারপ্রাইজের ম্যানেজারকে ভোক্তা অধিকার সংক্ষণ আইন, ২০০৯ এর আওতায় পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
কাফি পারভেজ
তাং ২৮-০৩-২৬ ইং
