হাজরাবাড়ী সিরাজুল হক কলেজে বৃক্ষ রোপণ করলেন এমপি বাবুল
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলাধীন হাজরা বাড়ি সিরাজুল হক কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল।
এ সময় কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজরা বাড়ি সিরাজুল হক কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজসহ কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বৃক্ষ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সাথেও ওতপ্রোতভাবে জড়িত। তাই সামাজিক আন্দোলনের মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও বেগবান করতে হবে।
অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন।
