নাংলা ইউনিয়নে ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃজামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিশেষ বরাদ্দের আওতায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা।
উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান কিসমত পাশা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। সরকারের এই মহতী উদ্যোগকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই। ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “গরিব ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঈদের আগে এই সহায়তা পেয়ে অনেক পরিবার খুশি হয়েছে। ভবিষ্যতেও যেন এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকে, সেটিই আমাদের প্রত্যাশা।”
চাল বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সুশৃঙ্খল পরিবেশে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, ঈদের আগে এই সহায়তা অনেক দরিদ্র পরিবারের জন্য আশীর্বাদস্বরূপ। এতে তাদের ঈদ উদযাপনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।
