নাংলা ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে গ্রাম পুলিশের বিশেষ টহল কার্যক্রম শুরু

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু চুরি প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল কার্যক্রম শুরু করেছে গ্রাম পুলিশ।
নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান আলহাজ্ব কিসমত পাশার উদ্যোগে আজ রাত থেকে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার ও জনবহুল এলাকায় এ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জানা গেছে, ঈদকে সামনে রেখে কোরবানির পশু কেনাবেচা বৃদ্ধি পাওয়ায় অনেক এলাকায় গরু চুরি ও নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে চেয়ারম্যান আলহাজ্ব কিসমত পাশা ইউনিয়নবাসীর জানমাল রক্ষায় গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে রাতব্যাপী টহলের ব্যবস্থা করেন।
এদিকে দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্যরা হ্যান্ড মাইক ব্যবহার করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিচ্ছেন। তারা গরু নিরাপদ স্থানে রাখার পরামর্শ, অপরিচিত ব্যক্তিদের চলাফেরার বিষয়ে সতর্কতা এবং সন্দেহজনক কোনো ঘটনা দেখলে দ্রুত জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানাচ্ছেন।
এ বিষয়ে চেয়ারম্যান আলহাজ্ব কিসমত পাশা বলেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নের মানুষ যেন নিরাপদে ও স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য আমাদের এই উদ্যোগ। গরু চুরি, অপরাধ ও যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গ্রাম পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। পাশাপাশি হ্যান্ড মাইকে প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনার তথ্য পেলে দ্রুত ইউনিয়ন পরিষদ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যানের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, ঈদকে সামনে রেখে এমন নিরাপত্তামূলক পদক্ষেপ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। গ্রাম পুলিশের টহল ও মাইকিং কার্যক্রমে রাতের পরিবেশেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে বলে তারা মনে করছেন।
