ঈদ-উল-আযহা উপলক্ষে মেলান্দহ থানায় প্রীতিভোজ ও শুভেচ্ছা বিনিময়
মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে জামালপুরের মেলান্দহ থানায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন, শুভেচ্ছা বিনিময় ও বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জিন্নাতুল আরা,উপজেলা বিএনপির সহসভাপতি এম রফিকুল ইসলাম রহিম সহ থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স সদস্যরা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সবাই একসাথে বিশেষ প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
প্রীতিভোজের পূর্বে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল-কে ফুলেল শুভেচ্ছা জানান মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান এবং থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পুলিশ প্রশাসন সবসময় জনগণের পাশে রয়েছে। মেলান্দহ থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
এদিকে ঈদকে কেন্দ্র করে মেলান্দহ থানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে।
