জামালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মোঃ রুহুল আমিন রাজু,স্টাফ রিপোর্টার, জামালপুর :
জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১ জুন) জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) সূত্রে জানা যায়, জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের সার্বিক দিকনির্দেশনায় এবং ডিবি-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুমের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে এসআই শাহজাহানের নেতৃত্বে ডিবি-১ এর একটি চৌকস দল জামালপুর সদর থানার ছনকান্দা এলাকায় শেরপুর ব্রিজ টোল প্লাজার সামনে অভিযান চালায়। এ সময় ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জামালপুর সদর উপজেলার বানিয়া বাজার এলাকার উকিল মিয়ার ছেলে মোঃ আপেল (৫১) এবং শেরপুর জেলার চরশ্রীপুর এলাকার মৃত জালালের ছেলে মোঃ সানুয়ার (৪৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ডিবি-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম বলেন, “জামালপুর জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়। মাদক নির্মূলে জেলা পুলিশের গোয়েন্দা কার্যক্রম ও বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক ও আইনি এ যুদ্ধে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
