মাদারগঞ্জে অকেজো সেতু পুনর্নির্মাণের দাবিতে এলাকায় মানববন্ধন

মাদারগঞ্জ প্রতিনিধি মোঃ মানিক ইসলাম।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা-ভেলামারী এলাকার গুরুত্বপূর্ণ একটি সেতু দীর্ঘ ৭ বছর ধরে অকেজো অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সেতুটি পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সেতুটি দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী হয়ে থাকায় এলাকার হাজারো মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছে।
এছাড়া কৃষকরা তাদের ফসলি জমিতে যাতায়াত ও জমির দেখাশোনা করতে নানা বাধার মুখে পড়ছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, সেতুটি অকেজো থাকায় কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না। ফলে কৃষিপণ্য পরিবহন, রোগী আনা-নেওয়া এবং দৈনন্দিন কাজে মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে।
এটি শুধু একটি সেতু নয়, এলাকার মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। দ্রুত সেতুটি পুনর্নির্মাণ না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।
এ সময় এলাকাবাসী দেশের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান-এর হস্তক্ষেপ কামনা করেন। তারা দ্রুত সেতুটি পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ দাবি করেন।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তাদের দাবি, জনস্বার্থে দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু করা হোক।
