উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

জমি সংক্রান্ত বিরোধের জেরে মেলান্দহে একই পরিবারের ৪ জন আহত


জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার কাঁঠালতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন বেলাল মন্ডল (৬৫), হেলাল মন্ডল (৫২), জাহাঙ্গীর (৩৬) ও হাজেরা বেগম (৪৮)। তাদের মধ্যে গুরুতর আহত বেলাল মন্ডল বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ জুন দুপুর আনুমানিক ১টার দিকে কাঁঠালতলা গ্রামে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে চলমান জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার নজরুল ইসলাম, রিপন, বিদ্যুৎ, কালু, হইবর, বুধু, সালাম, হবিবুলসহ ১০-১১ জন এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেলাল মন্ডল ও তার পরিবারের সদস্যদের ওপর অতর্কিতভাবে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা দা, লাঠি, লোহার রড ও হাতুড়ি দিয়ে বেলাল মন্ডল, হেলাল মন্ডল, জাহাঙ্গীর ও হাজেরা বেগমকে এলোপাতাড়ি মারধর করে। এতে জাহাঙ্গীরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। হামলার একপর্যায়ে বেলাল মন্ডলকে লক্ষ্য করে হাতুড়ি ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তার একটি পা ভেঙে যায় এবং তিনি গুরুতর জখম হন।
এছাড়াও হামলাকারীরা ভুক্তভোগীদের বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে ঘরের আসবাবপত্র ও বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি করে বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তারা ঘরে থাকা নগদ টাকা ও একটি স্বর্ণের চেইন জোরপূর্বক নিয়ে যায় বলেও ভুক্তভোগী পরিবার দাবি করেছে। এতে পরিবারটির উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বেলাল মন্ডলের ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে। পরে এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বেলাল মন্ডলের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে হেলাল মন্ডল, জাহাঙ্গীর ও হাজেরা বেগমকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের স্বজনরা দাবি করেছেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং লুটপাট হওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
এ ঘটনায় মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।b

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *