উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি:
“উপজেলা পর্যায়ে মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা-এর আয়োজনে শুক্রবার (১২ জুন) মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা।
প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন,
“বর্তমান বিশ্বে যে জাতি বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে থাকবে, সেই জাতিই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। আমাদের শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না; তাদেরকে গবেষণা, সৃজনশীল চিন্তা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানী, উদ্ভাবক ও সফল উদ্যোক্তা।”
তিনি আরও বলেন,
“সরকার শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগ পাচ্ছে। মেধা, বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে একটি স্মার্ট, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেলান্দহ উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মুন্জু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লিটন, হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার, মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কফিল উদ্দিন মোল্লা, মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন অর রশিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা, প্রযুক্তিনির্ভর উদ্যোগ এবং স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন। প্রদর্শিত প্রকল্পগুলো পরিদর্শন করে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং তাদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রতিনিধিদের মাঝে সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বিজ্ঞানমনস্ক, দক্ষ ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *