পুলিশ সুপারের উদ্যোগে মেলান্দহ থানায় নতুন হুটারযুক্ত ডিউটি গাড়ি, এলাকাবাসীর উচ্ছ্বাস
মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলার মেলান্দহ থানার আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশি সেবার মান আরও উন্নত করতে নতুন হুটারযুক্ত একটি ডিউটি গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। পুলিশ সুপার, মোছাঃ ফারহানা ইয়াসমিন এর স্বআগ্রহে নিজ হাতে এ গাড়ি মেলান্দহ থানার জন্য বরাদ্দ দেওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন এই ডিউটি গাড়ি থানার টহল কার্যক্রম, জরুরি সেবা প্রদান এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুলিশ সুপারের এমন জনবান্ধব ও দূরদর্শী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মেলান্দহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নতুন গাড়ি থানায় পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দল বেঁধে মেলান্দহ থানায় ভিড় করেন। অনেকেই গাড়িটি দেখতে থানায় আসেন এবং পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে এ উদ্যোগের প্রশংসা করেন।
এলাকাবাসী জানান, পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের পদক্ষেপ জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে। তারা পুলিশ সুপারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মেলান্দহ থানার উন্নয়নে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
মেলান্দহবাসীর পক্ষ থেকে পুলিশ সুপারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। স্থানীয়রা মনে করছেন, নতুন এই ডিউটি গাড়ি থানার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে এবং জনগণ দ্রুত পুলিশি সেবা পাবে। এই বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান মেলান্দহ থানা পুলিশের পক্ষ থেকে জামালপুরের পুলিশ সুপারকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
