উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার


জামালপুর প্রতিনিধি:
জামালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযান ও ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে শনিবার (১৩ জুন) ভোরে জামালপুর শহরের মৃধাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে একটি ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বস্তার ভেতর নীল পলিথিনে মোড়ানো ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় শেরপুর জেলার কুসুমহাটি (কৃষ্ণপুর উত্তরপাড়া) এলাকার বাসিন্দা খোদেজা বেগম (৪০)কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে।
পরবর্তীতে খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকা থেকে মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকার বাসিন্দা মোছাঃ বুলবুলি (৫৮)কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত গাঁজা ক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে এসেছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, “মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে। যে কোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণে আমরা বদ্ধপরিকর।”
এ বিষয়ে জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। জামালপুর জেলা পুলিশ মাদক ব্যবসায়ী, পরিবহনকারী ও মাদক কারবারের সঙ্গে জড়িত সকল ব্যক্তির বিরুদ্ধে নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং সদর থানার ওসি মোঃ নাজমুস সাকিবের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে সদর থানা পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জামালপুরের প্রতিটি থানায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *