উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

জামালপুরে ২৮ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মোঃ রুহুল আমিন রাজু,নিজস্ব প্রতিবেদক, জামালপুর:
জামালপুরের সরিষাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ২৮ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) সরিষাবাড়ী পৌর এলাকার শিমলাপল্লী পূর্বপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। সড়িষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল জানান, সরিষাবাড়ী থানার একটি চৌকস দল মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত তিনজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন— আরিফ কাজী (৩৭), শিমলাপল্লী তাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা; মো. কামাল মিয়া (৩২), শিমলাপল্লী পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং মো. জাহিদুল ইসলাম জাহিদ (২১), সাতপোয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে সরিষাবাড়ীসহ আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান জিরো টলারেন্স। জামালপুর জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জেলা পুলিশের পাশে থাকার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
জামালপুর জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমাল রক্ষা, মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *