নইল্যারঘাট বাজারে আইন-শৃঙ্খলা সভায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়নের নইল্যারঘাট বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক, জুয়া, চুরি ও বাল্যবিবাহ প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের নির্বাচিত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব কিসমত পাশা বলেন, “সমাজ থেকে মাদক, জুয়া, গরু চুরি ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।” তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে বলেন, “মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও বাসযোগ্য সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে মেলান্দহ থানার এএসআই শীতল পাল বলেন, “মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা একই অপরাধচক্রের অংশ। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “অপরাধ দমনে পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে। মাদক, জুয়া, চুরি কিংবা যে কোনো অপরাধের তথ্য দ্রুত প্রশাসনকে জানাতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই একটি নিরাপদ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”
সভায় উপস্থিত ছিলেন নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব বজলুর রহমান, নাংলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজু, বিশিষ্ট সমাজসেবক মোশাররফ হোসেন, মো. শহিদুল্লাহ মেম্বার,৬নংওয়ার্ড বিএনপির সভাপতি আজগর আলী, ৫নংওয়ার্ড বিএনপির সভাপতি আঃ জলিল,সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, সাবেক প্যানেল চেয়ারম্যান আশরাফ আলী মেম্বার,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে হলে মাদক, জুয়া, চুরি ও বাল্যবিবাহের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভা শেষে উপস্থিত সবাই মাদক, জুয়া, চুরি ও বাল্যবিবাহমুক্ত একটি আদর্শ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার করেন।
স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভা এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। সচেতনতা বৃদ্ধি এবং অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাংলা ইউনিয়নের কৃতি সন্তান,ছাত্রদলের নেতা রুকনুজ্জামান রুকন।
