স্বামীর সম্পত্তিতে অধিকার পেতে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রী ও সন্তানরা
মাদারগঞ্জ প্রতিনিধি: মানিক ইসলাম।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪নং বালিজুড়ী ইউনিয়নের উত্তর চরবওলা গ্রামের বাসিন্দা মৃত আব্দুল খালেক মন্ডলের দ্বিতীয় স্ত্রী মিনা বেগম (৬২) ও তাঁর ছেলে-মেয়ে পৈতৃক সম্পত্তিতে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার (১৯ জুন ২০২৬ ইং) বিকাল ৪ ঘটিকায় মাদারগঞ্জ সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মিনা বেগমের ছেলে রাকিবুল ইসলাম (নন্দ) লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, “আমার বাবা আব্দুল খালেক মন্ডল দুইটি বিয়ে করেন। আমরা দ্বিতীয় স্ত্রীর দুই সন্তান। অপরদিকে আমার বাবার প্রথম স্ত্রীর পাঁচ সন্তান রয়েছে। বাবার রেখে যাওয়া সম্পত্তিতে আইন অনুযায়ী আমরা সবাই উত্তরাধিকারী হলেও আমার বড় মায়ের বড় ছেলে মোজাম্মেল হক ও তাঁর ছেলেরা আমাদের প্রাপ্য অংশ বুঝিয়ে দিচ্ছেন না।”
রাকিবুল ইসলাম আরও বলেন, “আমাদের পাওনা ২৩ শতাংশ জমিতে তাঁরা পুকুর খনন করে রেখেছে। সেই জমির দখল ও প্রাপ্য হিস্যা থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, “পৈতৃক জমিতে যেতে গেলে আমাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়। এলাকায় একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। বরং জমির হিস্যা চাইতে গেলে তারা মারধরের জন্য তেড়ে আসে।”
এ বিষয়ে মৃত আব্দুল খালেক মন্ডলের দ্বিতীয় স্ত্রী মিনা বেগম বলেন, “আমার স্বামী মারা যাওয়ার পর কিছু সম্পত্তির বণ্টন আমরা পেলেও এখনো কিছু জমির প্রাপ্য অংশ আমাদের বুঝিয়ে দেওয়া হয়নি। জমির হিস্যা চাইতে গেলে এবং জমিতে গেলে তারা আমাদের বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।”
এ সময় মৃত আব্দুল খালেক মন্ডলের দ্বিতীয় স্ত্রীর মেয়ে রুনা বেগম বলেন, “আমরা আমাদের পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্যা বুঝে পেতে চাই। প্রশাসনের কাছে আমাদের দাবি, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আমাদের প্রাপ্য জমি বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।”
রাকিবুল ইসলাম আরও জানান, এ বিষয়ে তিনি বাধ্য হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের প্রাপ্য পৈতৃক সম্পত্তির অংশ বুঝিয়ে দেওয়ার জন্য সুদৃষ্টি কামনা করেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত মোজাম্মেল হক ও তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলো ভুক্তভোগী পরিবারের বক্তব্য।
