আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

আইনজীবি ও আওয়ামী লীগ নেতার কার্যালয় থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র বিস্ফোরক ও মাদক উদ্ধার

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুর আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক আওয়ামী লীগ নেতা আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান মনিরের ব্যাক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ে তার নিজ মালিকানাধীন মনোয়ারা আলী সুপার মার্কেটের দোতলায় টানা দুই ঘন্টার অভিযানে ২টি পাইপগান, ৪ রাউন্ড গুলি, ৬টি তাজা হাতবোমা সাদৃশ্য বোমা এবং টেবিলের ড্রয়ার থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে জামালপুর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে গণমাধ্যমকর্মী এবং ¯’ানীয় কয়েকজন ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী কামরুল হাসান মনিরের ব্যক্তিগত কার্যালয়ে প্রবেশ করে পুলিশ। কার্যালয়ের রুমটি তালাবদ্ধ থাকায় উপস্থিত সবার সামনে তালা ভেঙে ভেতরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ওইসব দ্রব্যাদি উদ্ধার করা হয়।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আব্দুল কাইয়ুমসহ পুলিশের একটি চৌকস দল।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা দিনের বেলায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করেছি। অভিযানকালে আইনজীবি মনিরের কার্যালয় থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধার করা হয়েছে। পলাতক অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রাকিবুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, অফিসের তালা ভেঙে এসব অস্ত্র, বোমা ও মাদক উদ্ধার করা হয়েছে। তবে কেন অস্ত্র ও বোমা মজুদ করা হয়েছে বা কে মজুদ করেছে তা তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *